হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ যেতে দেবে না ইরান: তেহরানের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের কাছে ‘এক লিটার তেলও’ যেতে দেওয়া হবে না।
তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের নীতি হবে ‘আঘাতের বদলে আঘাত’।
জোলফাকারির দাবি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকারকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নষ্ট করা হলে তার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়বে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে—এর জন্য প্রস্তুত থাকুন। কারণ তেলের বাজার এই অঞ্চলের নিরাপত্তার ওপরই নির্ভর করে।”
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে এই প্রণালি ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
