ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের মাটি ভরাট প্রকল্পকে ঘিরে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের ভুল স্বীকার করে তিনি ঘুষ হিসেবে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দিয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকালে নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ওই টাকা ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার একটি কাজ বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, কাজটি বাস্তবায়নের সময় অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ঠিকাদারের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নেন।
এ বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অলিউল ইসলাম। অভিযোগ জমা দেওয়ার পরদিনই বুধবার সকালে পিআইও আওলাদ হোসেন তার কাছ থেকে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দেন।
অভিযোগকারী অলিউল ইসলাম জানান, অভিযোগ করার পর পিআইও নিজের ভুল স্বীকার করে টাকা ফেরত দিয়েছেন।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
