দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫ (SEA-ME-WE-5)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে দেশে ইন্টারনেট সেবা ধীরগতির বা আংশিক বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে স্বস্তির খবর হলো, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৪ (SEA-ME-WE-4)-এর মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো স্বাভাবিকভাবে সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, এই সময় অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং বা লাইভ স্ট্রিমিংয়ে কিছুটা ধীরগতি অনুভূত হতে পারে। তাই ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাজ আগেভাগে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
