⛽ কমলগঞ্জে গভীর রাতে অভিযান: ১,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নর চিতলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে আটটি ড্রামে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় দোকান মালিক হিরন মিয়া ও তাঁর ছেলে জুয়েল মিয়া পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার করা ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
