মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে রোডে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি আবু তাহের চৌধুরী জুসেফ, যিনি রবিরবাজারের পরিচিত প্রতিষ্ঠান “ফাতেমা লাইব্রেরী”-এর স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ এপ্রিল সন্ধ্যায় তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মুদিপুর রোড এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
আবু তাহের চৌধুরী জুসেফ দীর্ঘদিন ধরে ফাতেমা লাইব্রেরী পরিচালনা করে আসছিলেন এবং এলাকায় একজন সজ্জন, সদালাপী ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে রবিরবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
