যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় ভর্তি: যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন Russell Group আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে জালিয়াতি ও ভুল তথ্য প্রতিরোধে নতুন করে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছে। সংগঠনটির মতে, সদস্য বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় একাধিক নিরাপত্তামূলক ধাপ যুক্ত করেছে, যাতে ভর্তি সংক্রান্ত নথি ও তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়।
বিশ্ববিদ্যালয়গুলোর নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে, স্টাডির জন্য কনফার্মেশন অব অ্যাকসেপ্ট্যান্স (CAS) ইস্যুর আগে অতিরিক্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি প্রতিটি আবেদনপত্র মূল্যায়নের সময় বাধ্যতামূলকভাবে দ্বিতীয় একজন কর্মকর্তার মাধ্যমে পুনরায় যাচাই করা হচ্ছে।
এছাড়া আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাচাই করা হচ্ছে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার ফলাফলও সংশ্লিষ্ট টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য আর্থিক নথিও ব্যাংক এবং তৃতীয় পক্ষের ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতের প্রতি বৈশ্বিক আস্থা বজায় রাখাই এসব পদক্ষেপের মূল লক্ষ্য।
উল্লেখ্য, আন্তর্জাতিক শিক্ষার্থী অভিবাসন নিয়ে বর্তমানে যুক্তরাজ্যে ব্যাপক আলোচনা চলছে। সরকার অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর নীতি গ্রহণের কথা বিবেচনা করছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো মনে করছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি উচ্চশিক্ষা খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখে।
