কুলাউড়া পৌর শহরের অভ্যন্তরে অটোরিকশা ও রিকশার ভাড়া নির্ধারণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একাধিক নাগরিক ক্ষোভ প্রকাশ করে পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় অল্প দূরত্বে যাতায়াত করলেও অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে ২০ টাকা বা তারও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা না থাকায় প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নাগরিক লিখেছেন, “কুলাউড়া পৌরসভার প্রশাসক ইউএনও স্যারের কাছে অনুরোধ, পৌর শহরের ভেতরে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করে দেওয়া হোক। সাধারণ মানুষকে প্রতিদিন চালকদের সঙ্গে ভাড়া নিয়ে ঝগড়া করতে হয়।”
অনেকেই মন্তব্যে জানিয়েছেন, রিকশায় উঠলেই ন্যূনতম ২০ টাকা ভাড়া দাবি করা হয়। কেউ কেউ অভিযোগ করেছেন, মাত্র কয়েক মিনিটের পথের জন্যও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, শুধু অটোরিকশা ভাড়া নির্ধারণই নয়, শহরের ফুটপাত দখলমুক্ত করা, সিএনজি স্ট্যান্ড নির্ধারণ, সিএনজির ভাড়া নির্ধারণ এবং প্রধান সড়কের পাশে অবৈধ পার্কিং উচ্ছেদ করাও জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন কুলাউড়াবাসী।
